দক্ষ শ্রমশক্তি ও নারীর ক্ষমতায়ন সরকারের অন্যতম লক্ষ্য: মাহদী আমিন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

দেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, শ্রমশক্তির দক্ষতা বাড়ানো, অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ: সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শ্রমিকরা যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যাতে কলকারখানা বন্ধ না হয়, সেজন্য মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক এবং স্থিতিশীল শিল্প পরিবেশ বজায় রাখা প্রয়োজন। কারখানা সচল রাখতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে চায়, যেখানে কর্মক্ষেত্র হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দীর্ঘমেয়াদে টেকসই। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের কর্মপরিবেশকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।

নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন আরও জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড স্কিম’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ এবং প্রয়োজনীয় ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করতেও নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ চলছে।

তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে যুবসমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে শ্রম আইনসংক্রান্ত জটিলতা দূর করে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে জ্বালানি সংকট তৈরি হলেও সরকারের উদ্যোগে বন্ধ থাকা কিছু কারখানা চালু করা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতেও গত দুই ঈদে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

সিম্পোজিয়ামে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আন্তর্জাতিক শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক নেতারা।

বিষয়:

মাহদী আমিন
এলাকার খবর

সম্পর্কিত