বিশ্বকাপে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভয় নয়, বরং আত্মবিশ্বাসই ঝরেছে দলের প্রধান কোচ বুবিস্তার কণ্ঠে। তাঁর ভাষায়, ‘আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।’
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার আগামী ৪ জুলাই (বাংলাদেশ সময় ভোর ৪টা) মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।
সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে উপস্থিত হন কোচ বুবিস্তা। তিনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে, তা নিয়ে কেপ ভার্দের প্রতিটি মানুষ গর্ব করতে পারে। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটাও আমাদের জন্য বিশাল সম্মানের।’
মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপের অন্যতম চমক। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা দলটি গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য এবং উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
মেসিদের বিপক্ষে ম্যাচ নিয়ে বুবিস্তা বলেন, ‘ফলাফল নিয়ে এখনই ভাবছি না। আমাদের সবচেয়ে বড় সাফল্য হলো বিশ্বমঞ্চে কেপ ভার্দেকে তুলে ধরা। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলার সুযোগ পুরো দেশের জন্য গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, কেপ ভার্দের এই অর্জন বিশ্বের ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। তাঁর মতে, ‘আমরা শুধু কেপ ভার্দের নয়, আফ্রিকা এবং বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে একদিন লক্ষ্য অর্জন সম্ভব—আমরা সেটাই দেখাতে চাই।’
এখন দেখার বিষয়, রূপকথার মতো এগিয়ে চলা কেপ ভার্দে কি নকআউট পর্বেও চমক দেখাতে পারে, নাকি আর্জেন্টিনাই তাদের স্বপ্নযাত্রার ইতি টানবে।