প্রতীক পেয়েই মাঠে বিএনপি: আজ সিলেট থেকে নারায়ণগঞ্জ—৭ জেলায় তারেক রহমানের ম্যারাথন সমাবেশ!

ডেস্ক রিপোর্ট
 ছবি:
ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সিলেট থেকে এই প্রচারণা কার্যক্রমের সূচনা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ একদিনেই দেশের ৭টি জেলায় আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্র ও তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকের এই ‘ম্যারাথন’ কর্মসূচির বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

আজকের ৭ জেলার সমাবেশের সময়সূচি ও ভেন্যু: নির্বাচনী প্রচারণায় নেমে আজ সকাল থেকে রাত পর্যন্ত টানা সমাবেশ করবেন তারেক রহমান। সময়সূচি নিম্নরূপ:

  • সকাল ১১:৩০ মিনিট (সিলেট): নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

  • দুপুর ১:০০টা (মৌলভীবাজার): মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।

  • দুপুর ২:৩০ মিনিট (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় যোগ দেবেন।

  • বিকেল ৪:০০টা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন।

  • বিকেল ৫:০০টা (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

  • সন্ধ্যা ৭:০০টা (নরসিংদী): নরসিংদী পৌর পার্কের কাছে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

  • রাত ৮:৩০ মিনিট (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে দিনের শেষ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সিলেটে আগমন, মাজার জিয়ারত ও রাত্রিযাপন এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান।

  • আগমন: রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

  • জিয়ারত: বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান এবং এরপর খাদিমগরে হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

  • রাত্রিযাপন: দুই মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে রাত্রিযাপন করেন তারেক রহমান। আজ সেখান থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় নামছেন।

এলাকার খবর

সম্পর্কিত