স্বাধীনতার বিরোধিতাকারীদের কোনো বীরত্বের ইতিহাস নেই: রিজভী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, ‘আমার পরিচিতি বাংলাদেশি। এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা যুদ্ধ করেছেন।’

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা কারা করছে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই; রয়েছে কেবল ‘দালালির ইতিহাস’।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা বক্তব্য দেন। পরে সেখান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে জামায়াতের রাজনৈতিক সমঝোতা হয়েছে। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়া এবং ২০০৮ সালের নির্বাচন ঘিরে তাদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াতের চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরা হলেও তিনি মনে করেন, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এ বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৭১ সালের ইতিহাসকে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, একাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের মধ্যে ছিল বলেই ২০২৪ সালের আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে।

রিজভী বলেন, স্বাধীনতার ইতিহাসে কোন বিষয় বড় আর কোনটি ছোট—এভাবে বিভাজন তৈরির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতার ইতিহাস ও দেশের স্বাধীনতা রক্ষা করতে জানে।

এলাকার খবর

সম্পর্কিত