বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
অ্যামচেমের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে নতুন কমিটি কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগে আগ্রহী হলে তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।