২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে প্রকাশ করা হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দল সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে পারবেন।
নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত। দলের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাষ্ট্রপতি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।