বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, ইসলামী ছাত্রশিবির কি এখন শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে?
মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, শিবির শেখ মুজিবুর রহমানের চেয়ে শহীদ ওসমান হাদিকে বড় করে তুলে ধরতে গিয়ে উল্টো শেখ মুজিবকে আরও প্রাসঙ্গিক করে তুলছে এবং একই সঙ্গে ওসমান হাদির গুরুত্বও কমিয়ে দিচ্ছে।
পোস্টে তিনি আরও বলেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদ যখন ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছিলেন, তখনও শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে জানতেন। সেই অবস্থায় কেন তার নামে স্লোগান দেওয়া হয়েছিল—এ প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খান আরও প্রশ্ন করেন, যদি শেখ মুজিবকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবেই দেখা হয়ে থাকে, তাহলে এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের দাবিতে শিবির নেতারা আন্দোলন করছেন? তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, গণঅভ্যুত্থানের সময় কি শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা এস এম ফরহাদের কোনো ক্ষতি করেছিলেন?
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরও দাবি করেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার প্রশ্ন, গণঅভ্যুত্থানের পর এমন কী পরিবর্তন ঘটল যে, এখন তিনি শেখ মুজিবের আদর্শ থেকে সরে এসে তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দাবির সঙ্গে যুক্ত হয়েছেন?