২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার স্মরণে ‘জুলাইয়ের প্রথম প্রহরে’ শীর্ষক ব্যতিক্রমধর্মী মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে, ১ জুলাইয়ের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মোমবাতির আলোয় আলোকিত শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা নীরবে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মত্যাগকে জাতির গণতান্ত্রিক অভিযাত্রার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে স্মরণ করেন।
কর্মসূচিতে ছাত্রদলের নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। সেই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচি শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।