জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে সংগঠনটির প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আবদুল মোনায়েম মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। সংগঠন কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। এ কারণে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে লক্ষ্যে কঠোর সাংগঠনিক নীতি অনুসরণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে সংগঠনটির ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নেন। আন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী নিহত হন, শত শত নেতাকর্মী স্থায়ীভাবে আহত বা পঙ্গুত্ব বরণ করেন এবং হাজার হাজার নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।