ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর প্রায় ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ও আমানত জব্দ (ফ্রিজ) করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
বুধবার (৮ জুলাই) ভারতের অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে জারি করা এক বিশেষ আদেশে দলটির ব্যাংক অ্যাকাউন্ট ও আমানত অবরুদ্ধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এর আগেও তৃণমূল কংগ্রেসের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছিল। তবে এবার একযোগে বিপুল পরিমাণ অর্থ জব্দের পদক্ষেপ দলটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ইডি জানিয়েছে, নির্দিষ্ট কিছু আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে পারে।