মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

রাজশাহী বিভাগীয় ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী শহরে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। পরে তিনি থানায় গিয়ে দাবি করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে মাদক ও সুদের কারবারিদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান জানাতেই তিনি মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন। কলেজ রোডের বাড়ি থেকে বের হয়ে তিনি জিরো পয়েন্ট রেলগেট এলাকায় যান। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন।

পরে সন্ধ্যায় বাপ্পি ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান, হত্যার হুমকি পাওয়ার কারণেই তিনি অস্ত্র হাতে প্রকাশ্যে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিতে রাস্তায় নেমেছিলেন।

এদিকে তার থানায় যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। কয়েকশ নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান অভিযোগ করেন, বাপ্পি অস্ত্র হাতে তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে বাপ্পিকে গ্রেপ্তার এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, বাপ্পির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেওয়া বা অস্ত্রের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাত ১০টা পর্যন্ত জুবায়ের হোসেন বাপ্পি পুলিশের হেফাজতেই ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত