বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে সিটি করপোরেশন এলাকার নির্বাচনী আসনগুলো আপাতত এই বরাদ্দের আওতায় থাকছে না।
মন্ত্রী বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোর জন্যও বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ঢাকা-১২ আসনের এক বিরোধী দলীয় সংসদ সদস্য বক্তব্য দেওয়ার চেষ্টা করলে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য চালিয়ে যেতে বলেন।
আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রায় ৪০ বছর সংসদে থাকার সময় তিনি বিরোধী দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন, কিন্তু তখন কখনো এ ধরনের কোনো আর্থিক বরাদ্দ পাননি। তিনি জানান, সেই সময়ে তার প্রাপ্তি ছিল একাধিকবার কারাবরণ, অন্য কোনো সরকারি সহায়তা নয়।