জ্বালানি সংকটে কারখানা বন্ধ, লাখো শ্রমিক কর্মহীন: গাজী আতাউর রহমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তেল-গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, এতে শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একই সঙ্গে শিল্প ও অর্থনীতির জন্যও পরিস্থিতি উদ্বেগজনক।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রমের মাধ্যমে শিল্প-কারখানা সচল থাকে এবং জাতীয় অর্থনীতি এগিয়ে যায়। কিন্তু জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যাহত হওয়া ও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে একের পর এক কারখানা বন্ধ হলে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব দেশের ওপর পড়বে। এতে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে।

বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার আহমেদ বলেন, শিল্প-কারখানা বন্ধের আগে সরকারকে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, দ্রুত শিল্প-কারখানাগুলো সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বন্ধ কারখানা পুনরায় চালু, শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন-ভাতা সুরক্ষা এবং শিল্পখাতের দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, হারুন অর রশীদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, ওবায়েদ বিন মোস্তফা, শাহ জামাল ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ অন্যরা।

ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় কাউন্সিল ৯ অক্টোবর

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন শনিবার জানান, সংগঠনটির জাতীয় কাউন্সিল আগামী ৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, ন্যায্য পাওনা, শিল্প-কারখানার বর্তমান পরিস্থিতি এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এসব বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত