দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমল ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে। দেশে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা অস্বীকার করা হচ্ছে না। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং এর মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারা সমুন্নত রাখার পাশাপাশি গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত।
দেশের বিভিন্ন সংকটের সময় বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সংকটকালীন মুহূর্তে দলটির নেতাকর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছেন। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।