‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামবে ইসলামী আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে
ছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ না দেখলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে না।

শনিবার (২৭ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ক্ষমতায় আসার আগে বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। তবে সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল, সরকার তা থেকে সরে এসেছে কি না।

তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগে ইসলামী আন্দোলন সহযোগিতা করতে প্রস্তুত। তবে অতীতের মতো একই ধারায় রাষ্ট্র পরিচালনা অব্যাহত থাকলে দলটি জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অধিবেশনে বিরোধী দলগুলোরও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার পরিবর্তে কিছু রাজনৈতিক দল ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছে। সংসদে যাওয়ার পরও ইসলামী মূল্যবোধ ও জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি।

তিনি বলেন, জনগণ সংসদ সদস্যদের ব্যক্তিগত সুযোগ-সুবিধার দাবি তোলার জন্য নয়, বরং ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশায় নির্বাচিত করেছে।

প্রতিবেশী ভারতের প্রসঙ্গ টেনে সৈয়দ রেজাউল করীম বলেন, সীমান্তে পুশ-ইনের মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এ ধরনের কার্যক্রম বন্ধ করে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন সাংগঠনিক কাঠামোও ঘোষণা করা হয়। এতে ১১ সদস্যের প্রেসিডিয়াম, ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৪৮ সদস্যের কার্যনির্বাহী পরিষদ (মজলিশে আমেলা) পুনর্গঠন করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত