যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রতিবাদে রাজধানী বৈরুতে বিক্ষোভ শুরু হয়েছে। চুক্তিটি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ সরকারকে সতর্ক করেছে, এটি কার্যকর করার চেষ্টা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তিতে দুই দেশ পরস্পরের অস্তিত্বের অধিকার স্বীকার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। তবে হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এ চুক্তি মেনে নেবে না।
চুক্তির প্রতিবাদে বৈরুতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আগুন জ্বালান। অনেকের হাতে হিজবুল্লাহ ও ইরানের পতাকা দেখা যায়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ও একাধিক তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।
হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে গৃহযুদ্ধের ঝুঁকি না নিয়ে এ চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। দলটির দাবি, চুক্তির ফলে ইসরায়েল অধিকৃত লেবাননি অঞ্চলে আরও স্বাধীনভাবে সামরিক অভিযান চালানোর সুযোগ পাবে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।