ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ে দেওয়া মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের কথা স্মরণ করেন। তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধ জাতির আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের স্থায়ী প্রতীক। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বীর শহীদদের রুহের মাগফিরাত প্রার্থনা করেন।
এর আগে স্মৃতিসৌধে পৌঁছে তিনি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর এটি ছিল তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।