দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য অর্জনে অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। বিশেষ করে ব্লু ইকোনমি খাতে ইউরোপের কয়েকটি দেশের আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, বিনিয়োগ কোনো নির্দিষ্ট দিন বা সময়ের ওপর নির্ভর করে নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাজ করছে।
তিনি জানান, জ্বালানি, ব্লু ইকোনমি, তৈরি পোশাকসহ একাধিক সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে। তাঁর মতে, এসব খাতে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহ রয়েছে এবং সরকারও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।