ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ৩ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
দলটির নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং দলীয় নেতা ডা. এস এম খালিদুজ্জামান।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল খামেনির জানাজা, রাষ্ট্রীয় শেষ বিদায় এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবে। সফরকালে তারা ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন উভয় দেশ একটি সমঝোতা স্মারকে সই করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যেই উভয় পক্ষের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে।
ইরান সরকার জানিয়েছে, ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত তেহরান, কোম ও মাশহাদ—এই তিন শহরে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। ৪ জুলাই তেহরান ও কোমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে ইমাম রেজা (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
খামেনির মৃত্যুর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী শোক প্রকাশ করে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করে। এছাড়া জাতীয় সংসদেও তাকে ‘শহীদ’ উল্লেখ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।