ঋণখেলাপির অভিযোগে শপথের সুযোগ হারালেন আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঋণখেলাপি সংক্রান্ত মামলার শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুন) এ রায় ঘোষণা করা হয়।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন মামলার শুনানি শেষ হলে ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানো হলে হাইকোর্ট রিট খারিজ করে দেন।

পরবর্তীতে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে এবং নির্দেশ দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

এর মধ্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারালেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত