অন্যায় করলে ছাড় নয়, নেতা-কর্মীদের কড়া বার্তা শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেছেন, একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের কর্মীদের আচরণে সর্বোচ্চ সতর্কতা থাকা প্রয়োজন। তিনি বলেন, সাদা কাপড়ে ছোট দাগও যেমন স্পষ্ট দেখা যায়, তেমনি দলের কর্মীদের সামান্য ভুলও মানুষের চোখে পড়ে। তাই সবাইকে ‘ভেরি কেয়ারফুল’ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে ঢাকা জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করে না। তিনি জানান, দলের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তা সামান্য হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জামায়াতের কর্মীরাও মানুষ, তাই ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। কারও অনিয়ম বা অপরাধ ধরা পড়লে দল সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক মন্ত্রীর উচিত নিজ নিজ মন্ত্রণালয়ের কাজেই গুরুত্ব দেওয়া।

চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর দাবি, এসব সমস্যা মোকাবিলায় সরকারের আন্তরিক উদ্যোগ প্রয়োজন। সদিচ্ছা থাকলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তিনি মত দেন।

সংবিধান নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, জনগণ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাঁর ভাষায়, শুধু আংশিক সংশোধনের পরিবর্তে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা উচিত। অন্যথায় তা জনগণের প্রত্যাশা পূরণ করবে না।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণ এখনো কঠিন। তিনি জানান, জামায়াতে ইসলামী নিজস্ব উদ্যোগে শহীদদের তথ্য ও প্রোফাইল সংরক্ষণের কাজ করছে এবং এ পর্যন্ত ১২টি খণ্ড প্রস্তুত হয়েছে।

এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারের সহায়তার বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত