রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষরিত পদত্যাগপত্র তাঁর কাছে জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে পদত্যাগপত্র সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকার জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাঁর বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক সমস্যা ও দায়িত্ব পালনে অসামর্থ্যের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময় প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত থাকে। তাই দায়িত্ব গ্রহণের জন্য আলাদা কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয়নি।

সংবাদ সম্মেলনে স্পিকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার অবসান হবে। পাশাপাশি তিনি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, কোনো রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে অতিরিক্ত চিকিৎসা সনদ সংযুক্ত করা সাংবিধানিক বাধ্যবাধকতা নয়। তিনি লিখিতভাবে কারণ উল্লেখ করেছেন, সেটিই যথেষ্ট।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত