৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট কাল

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। চিফ হুইপ বলেন, নির্বাচন কমিশন ও সংসদ মিলে সিদ্ধান্ত নিয়েছে, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। তাঁদের ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।

নুরুল ইসলাম মনি বলেন, বৃহস্পতিবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত তৈরি করবে। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও প্রত্যক্ষ করবে কীভাবে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।

দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরীকে পরাজিত করেন। এবার প্রায় ৩৫ বছর পর আবারও একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয়:

নির্বাচন
এলাকার খবর

সম্পর্কিত