স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া (যাহের আলভী)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে যাহের আলভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত আবেদন খারিজ করেন।
এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণের পর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে যাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিনই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
উল্লেখ্য, যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে রয়েছে। একই মামলায় অভিনেতার মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।