খেলা দেখে ভোরে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
ঝুলন্ত লাশ ছবি: প্রতীকী ছবি
ঝুলন্ত লাশ ছবি: প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে নিজ ঘর থেকে রতন (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত রতন পশ্চিম গট্রিয়া গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখেন রতন। খেলা শেষে ভোরের দিকে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাঁকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের বাবা হোসেন মিস্ত্রী বলেন, তাঁর ছেলে ব্রাজিল দলের সমর্থক ছিলেন এবং ম্যাচে দলের পরাজয়ের পর কিছুটা মন খারাপ ছিল। তবে এ ঘটনাই মৃত্যুর একমাত্র কারণ কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

স্বজনদের ভাষ্য, প্রায় এক বছর আগে রতনের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, কোনো ব্যক্তি একটি দলের সমর্থক হতে পারেন, তবে শুধু দল হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করেছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত