শ্রীলঙ্কার কারাগারে রাতভর সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: আদা দেরানা
ছবি: আদা দেরানা

শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা বলছেন, গত পাঁচ বছরের মধ্যে এটি কারাগারের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

সোমবার শ্রীলঙ্কা পুলিশ জানায়, রাজধানী কলম্বোর উত্তরের নেগোম্বো অঞ্চলের প্রধান কারাগারে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে রোববার রাতভর এ সংঘর্ষ হয়।

আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, হাসপাতালে আনা ব্যক্তিদের মধ্যে ২৩ জন মারা গেছেন। নিহতদের শরীরে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার দিকে সংঘর্ষ শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারীদের ওয়ার্ডে থাকা বন্দিরা নিরাপত্তার আশায় কারাগারের ছাদে উঠে যান। অতিরিক্ত ভিড়ের কারণে ছাদের একটি অংশ ধসে পড়লে কয়েকজন নারী বন্দি আহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানায়, দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয় রোববার দুপুরে। প্রথম দফার সংঘর্ষে দুজন নিহত হন। পরে রাতে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে ভিড় করেন। আশপাশের বাসিন্দারা কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, রাতের সংঘর্ষ সোমবার সকাল পর্যন্ত চলতে থাকে এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চারজন কারারক্ষী নিহত হন।

এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময়ও শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর অতিরিক্ত ভিড় কমাতে সরকার শত শত বন্দিকে মুক্তি দেয়। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির কারাগারগুলোতে প্রায় ৪১ হাজার ২৫০ জন বন্দি রয়েছেন, যা কারাগারগুলোর ধারণক্ষমতার প্রায় চার গুণ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত