জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদকে অস্বীকার করছে। তিনি দাবি করেন, ফেব্রুয়ারির নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু সরকার সেই জনমত বাস্তবায়নের পরিবর্তে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
সমাবেশে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, তরুণদের কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। সরকারের বাজেটে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ নেই বলেও তিনি অভিযোগ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে দেওয়া এক সংসদ সদস্যের বক্তব্যেরও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জেলায় সমাবেশ, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।