ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটায়।
ঘটনার সময় মঞ্চে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি হলেও দলের নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে প্রতিবাদী মিছিল বের করা হয়।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়। পরে কর্মসূচি শেষে দলের শীর্ষ নেতারা সাভারের সমাবেশে অংশ নেন।
পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।