সব মামলায় জামিন, কারামুক্তিতে বাধা নেই বিচারপতি খায়রুল হকের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে খায়রুল হককে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হয়ে গেছে। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওই রাতেই তাঁকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আইনজীবী জানান, গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির অভিযোগে করা মোট নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।

সর্বশেষ বনানী থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত