সপরিবারে বঙ্গভবন ত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: Video
ছবি: Video

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। রোববার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখান থেকে বের হন।

বঙ্গভবন থেকে বের হওয়ার সময় তাঁর গাড়িবহরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি ছিল। সকাল থেকেই বঙ্গভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

এদিকে রাজধানীর গুলশানে সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে তাঁর ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবনের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন ওই বাসার একটি ফ্ল্যাটেই বসবাস করতেন। দায়িত্ব ছাড়ার পর তিনি সেখানেই ফিরে গেছেন।

বঙ্গভবন ছাড়ার পর রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। তবে তিনি বঙ্গভবনে না থেকে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।

গত শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠান। পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানান এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে দায়িত্ব ছাড়েন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পাঁচ বছরের মেয়াদ থাকলেও নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত