রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয় থেকে ফরম দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানান, একজন প্রার্থীর জন্যই মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। তবে একটি ফরমে কোনো ধরনের ভুল বা ত্রুটি থাকলে বিকল্পটি ব্যবহার করা যায়—এ কারণে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। এখনো কোনো ব্যক্তির নামে ফরম দুটি সংগ্রহ করা হয়নি। নির্বাচনের তফসিল অনুযায়ী বিএনপি মনোনয়নপত্র জমা দেবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার জোটটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ফলে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ১৯৯১ সালের পর এটিই হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে একই প্রার্থীর নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি মনোনয়নপত্রে কোনো ত্রুটি থাকলে অন্যটি যেন বিবেচনায় নেওয়া যায়, মূলত সে কারণেই সাধারণত দুটি ফরম নেওয়া হয়।