রাশিয়ার যুদ্ধক্ষেত্রে চার বাংলাদেশির মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: Reuters
ছবি: Reuters

রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে গিয়ে যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক নিয়োজিত ৩০ বাংলাদেশির মধ্যে চারজন নিহত হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাকি বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি (লাইসেন্স নম্বর: আরএল-১৪৫৫, আরএল-১৪২৮ ও আরএল-২৫০৫) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বৈধ ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠায়।

তিনি জানান, রাশিয়ায় পৌঁছানোর পর তাদের নির্ধারিত কাজে নিয়োগ না দিয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর প্রস্তুতি চলছে—এমন তথ্য পাওয়ার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়।

এ বিষয়ে গত ১৫ জুন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ৩০ জনের মধ্যে চারজন নিহত হয়েছেন। অবশিষ্টদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে উচ্চ বেতনের চাকরির আশায় এসব তরুণ রাশিয়ায় যান। পরে তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, চাকরির পরিবর্তে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সরকার বিষয়টি তদন্তের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করে।

এলাকার খবর

সম্পর্কিত