এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সেই অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। সেখানে তিনি লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

এর আগে সোমবার বিকেলে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করে সরকারের মন্ত্রিসভা। বৈঠক শেষে সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না, জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এ বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর পরদিনই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এমপিওভুক্তদের নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্তির কথা জানানো হলো।

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সোয়া ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এমপিও ব্যবস্থার আওতায় তাঁদের বেতনের মূল অংশসহ নির্দিষ্ট কিছু ভাতা সরকার দিয়ে থাকে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত।

এতদিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছ থেকে মূল বেতনের পাশাপাশি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন।

সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

এই ভাতা দুই ধাপে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশের অর্ধেক অর্থাৎ সাড়ে ৭ শতাংশ, ন্যূনতম ২ হাজার টাকা, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির ঘোষণায় তাঁদের দীর্ঘদিনের বেতন কাঠামোসংক্রান্ত দাবিতে নতুন মাত্রা যুক্ত হলো।

এলাকার খবর

সম্পর্কিত