যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের সাজা পেলেন ইনু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ইনুর বিরুদ্ধে আনা মোট ৮টি অভিযোগের মধ্যে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়নি।

যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন

৩ নম্বর অভিযোগ:
২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ভিডিও দেখে শনাক্ত করে তাদের আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।

৬ নম্বর অভিযোগ:
২০২৪ সালের ২৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভায় অংশ নিয়ে আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উস্কানি, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগও প্রমাণিত হয়েছে।

৭ নম্বর অভিযোগ:
২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ, কারফিউ জারি, গুলি চালানোর সিদ্ধান্তে পরামর্শ প্রদান এবং আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগেও আদালত ইনুকে দোষী সাব্যস্ত করেছেন।

যেসব অভিযোগ প্রমাণিত হয়নি

মামলার ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

এসব অভিযোগের মধ্যে ছিল—বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, ‘শুট অ্যাট সাইট’ নির্দেশনার অভিযোগ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা, টেলিভিশনে আন্দোলনকারীদের বিরুদ্ধে বক্তব্য প্রদান এবং কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ।

রায়ে আদালত প্রমাণিত তিনটি অভিযোগের ভিত্তিতে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত