রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
সকাল ১১টার দিকে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন।
অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
কবে হবে রাষ্ট্রপতি নির্বাচন?
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার। সংসদ সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।