শুষ্ক মৌসুমে পানি নিশ্চিত করতে তিস্তার ভাটিতে ব্যারেজ নির্মাণ হবে

রংপুর বিভাগীয় ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষাকালে তিস্তার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য নদটির ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

তিনি বলেন, তিস্তার সঙ্গে যুক্ত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে বর্ষা শেষ হওয়ার পরও শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর রাখা সম্ভব হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়তলা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উজান থেকে পানি না এলে সংরক্ষিত পানি ব্যবহারের পরিকল্পনা

ত্রাণমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার উজান থেকে পর্যাপ্ত পানি পাওয়া না গেলে দেশের নিজেদের পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে পানি না পেলেও বাংলাদেশের মানুষের প্রয়োজন মেটাতে বর্ষাকালে পাওয়া পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে।

রংপুর মেডিকেলে জনবল সংকট সমাধানের আশ্বাস

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়মিত হাসপাতাল পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, প্রতি মাসে অন্তত দুই থেকে তিনবার যাতায়াতের সময় হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন।

হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় দ্রুত এ সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

নতুন ভবন ও সেবার মান উন্নয়নে উদ্যোগ

মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনগুলোতে চিকিৎসাসেবা দেওয়ার জায়গার সংকট রয়েছে। নতুন ভবনগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া জনবল প্রয়োজনের তুলনায় কম হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দ্রুত হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় জনবল নিয়োগের আহ্বান জানান তিনি।

স্থায়ী জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত আউটসোর্সিংয়ের বরাদ্দ বাড়ানোরও অনুরোধ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের কাজেও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়:

তিস্তা
এলাকার খবর

সম্পর্কিত