‘কোনো খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার বাদ যাবে না’: আইনমন্ত্রী

বরিশাল বিভাগীয় ডেস্ক:
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। সরকার সেই বিচারপ্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কোনো বিচার গোপনে নয়, ন্যায়বিচারের নীতিতে সম্পন্ন করা হবে।

তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। এসব মামলায় এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে, যাঁরা মামলার ঘটনার বহু বছর আগেই মারা গেছেন। এমনকি পবিত্র কাবা শরিফে হজ পালনরত ব্যক্তিকেও গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

‘এই বাংলাদেশ নিয়ে ছেলেখেলা করা যাবে না’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেটি অর্জনের পেছনে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে।

তিনি বলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ছেলেখেলা করা যাবে না। একই সঙ্গে দেশে আবার যেন ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, এই পরিবর্তনের পরও যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে কাপুরুষের মতো বেঁচে থাকার অর্থ হবে।

পাঁচ বছরে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে।

তিনি জানান, চলতি বছরের মধ্যে সারা দেশে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

বরিশাল
এলাকার খবর

সম্পর্কিত