ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মানিক মিয়া (৪০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও আজিবুল ইসলামের ছেলে। তিনি পেশায় পালকি গাড়ির চালক ছিলেন এবং উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ ও স্বজনদের অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় কয়েল আনতে গেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শোয়েব মুনশীর নেতৃত্বে একদল ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যায়। পরে পশ্চিম দাপুনিয়া এলাকায় নিয়ে দফায় দফায় মারধর ও নির্যাতন করা হয়।
স্বজনদের দাবি, পরে মানিকের স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘটনাস্থলে ডেকে তাঁর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোনে ‘স্বামী মাদক ব্যবসায়ী’—এমন বক্তব্য রেকর্ড করানো হয়। এরপর গুরুতর আহত মানিককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মৃত্যুসনদে অতিরিক্ত রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া তাঁর পা ও ঊরুর হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
নিহতের ভাই সুখ মিয়ার অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে শোয়েব মুনশী ও তাঁর সহযোগীরা মানিককে নির্মমভাবে মারধর করেন, যার ফলে তাঁর মৃত্যু হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিন নেতাকে দল থেকে বহিষ্কার
ঘটনার পর ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শোয়েব মুনশীকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসানকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানান, অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।