বাংলাদেশ ও ভারতের মধ্যে আয়ুর্বেদ বিষয়ে একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) আয়োজিত ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
ভারতের হাইকমিশনার বলেন, প্রচলিত জ্ঞানভিত্তিক চিকিৎসাব্যবস্থা মানুষের সামগ্রিক সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হলে দুই দেশের শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের জনগণের পারস্পরিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ স্বাগত বক্তব্য দেন। এ সময় সরকারি আয়ুর্বেদ ও ইউনানি মেডিকেল কলেজের অধ্যক্ষ রশিদুজ্জামান খান, প্রাচীর সদস্যদের প্রতিনিধি ড. মুখলেসুর রহমান, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এবারের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ আগামী দিনের জন্য আয়ুর্বেদ’ তুলে ধরা হয়। পাশাপাশি ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির প্রসারে বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানের একাডেমিক পর্বে আয়ুর্বেদ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া। এতে বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পী শাহীন সোবহানা সুরভির তৈরি উলের গণপতি ট্যাপেস্ট্রির উদ্বোধন করা হয়। পরে শাস্ত্রীয় ও বাংলা খেয়াল সংগীতশিল্পী এবং সংগীত শিক্ষক রঞ্জন চন্দ্র সরকার সংগীত পরিবেশন করেন।