জুলাই গণ-অভ্যুত্থানকালে দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পিছিয়েছে। আদালত আগামী ৮ জুলাই শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।
তিনি জানান, রাজধানীর বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা গত ২ জুলাই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার শুনানির দিন থাকলেও মামলার নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি ৮ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন ভার্চ্যুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ এবং ককটেল ও হাতবোমা নিক্ষেপের ঘটনায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পৃথক আট মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।