মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পালনের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজন হলে দপ্তর পুনর্বণ্টন বা নতুন দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। তবে এমন কোনো সিদ্ধান্ত কবে নেওয়া হতে পারে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা সম্ভব নয়।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো জনগণের জন্য কার্যকর ও দক্ষ প্রশাসন নিশ্চিত করা। সে কারণে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনে ঘাটতি দেখা দিলে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পুনর্বিন্যাস বা নতুন নিয়োগের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাইবার বুলিং, অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় আইনগত সহায়তা জোরদার করতে একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহের মধ্যেই জারি হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।