ভারতের সিকিমে তিস্তা নদীর একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে ধসের ঘটনায় অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের পর টানেলের ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বিস্ফোরণের পর টানেলের একটি অংশ ধসে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার বিকেলে নামচি জেলার এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে চলমান ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম শুরু থেকেই কঠিন হয়ে পড়ে। এছাড়া টানেলের ভেতরে ছড়িয়ে পড়া মিথেন গ্যাসও উদ্ধারকর্মীদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে দুই ডজনের বেশি শ্রমিক, প্রকৌশলী ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা অবস্থান করছিলেন। তবে বিভিন্ন সূত্রে আটকে পড়া মানুষের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ করা হবে না।
উদ্ধারকর্মীরা বিশেষ সুরক্ষা সরঞ্জাম ও গ্যাস মাস্ক ব্যবহার করে টানেলের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। বিষাক্ত গ্যাসের প্রভাবে উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।