রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিস্থিতি তৈরি হলো।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ভোটের প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।
ইসি সচিব জানান, বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ হবে। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার মঙ্গলবারই প্রস্তুত করা হবে। এতে মুড়ি অংশ ও মূল ব্যালট—দুটি অংশ থাকবে। সংসদ সদস্যরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যালট গ্রহণ করবেন এবং নির্ধারিত স্থানে প্রার্থীর নামের পাশে স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন। পরে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
ইসি জানিয়েছে, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। ব্যালটের রং হবে সাদার ওপর কালো ছাপা।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর নির্বাচনী কর্তা সেখানেই ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তী সময়ে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।