নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ ও গ্রামীণ মানুষের উপকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য।

রোববার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি

নারী শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থার কথাও জানান প্রধানমন্ত্রী।

শিশুদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা

দেশের গ্রামগঞ্জে থাকা দরিদ্র পরিবারের শিশুদের সহায়তায় নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিশুদের বছরে একবার করে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

নতুন বইয়ের পাশাপাশি প্রতি বছর শিশুদের নতুন স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।

প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের প্রধান ও সংসার পরিচালনাকারী নারীদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় চার কোটি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

কিশোরগঞ্জ থেকেই জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তিনি।

নদীতে মাছের পোনা অবমুক্ত

পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসব মাছ বড় হয়ে ডিম ছাড়ার পর বিভিন্ন নদী, খাল ও বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল দেশের মানুষই ভোগ করবে।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী, খাল ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি ও মানুষের জীবিকা উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সরকার ধাপে ধাপে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ

রোববার বিকেল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা, অনুদান ও পুরস্কার প্রদানের অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ৯৪ জনের হাতে ফ্যামিলি কার্ড, ভাতা, অনুদান ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

এ ছাড়া ১৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী ভাতা দেওয়ার কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এলাকার খবর

সম্পর্কিত