ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরেন।
বৈঠকের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম অংশ নেন।
এ ছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।