ডিসেম্বর থেকে শাহবাগে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাদি হত্যার বিচার দাবিতে ১৩ ডিসেম্বর শাহবাগে আন্দোলনের ঘোষণা

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থি সংস্কৃতির নবসূচনা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

অনুষ্ঠানে তিনি বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও বিচার নিশ্চিত করা জরুরি। এ হত্যার বিচার না হলে মানুষ দীর্ঘদিন নানা প্রশ্ন ও জল্পনার মধ্যে ঘুরপাক খাবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার তাঁর ব্যক্তিগত স্বার্থে নয়; বরং দেশের স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য প্রয়োজন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে বিচার নিশ্চিত করা সম্ভব নয়, এ জন্য সংগঠিত আন্দোলন প্রয়োজন।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে স্পষ্ট করতে হবে, তারা শরিফ ওসমান হাদি হত্যার বিচার করবে কি না। এ দাবিতে ১৩ ডিসেম্বর থেকে শাহবাগে জমায়েতের পরিকল্পনা রয়েছে। ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি জানানো হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ৬৪ জেলা সফরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকায় বড় পরিসরে সমাবেশ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশীদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমান, ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলামসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত