জলবায়ু সংকট মোকাবিলায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন এখন শুধু উন্নয়নের বিষয় নয়, বরং জাতীয় অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব ছাড়া টেকসই অভিযোজন সম্ভব নয়।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে ‘ইমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিস (ফেজ-টু)’ প্রকল্পের জাতীয় অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রসারণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং জলবায়ু অভিযোজন কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। ইমপাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ইতোমধ্যে জলবায়ু-সহনশীল কৃষি ও জীবিকা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন, যা দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও খরার মতো দুর্যোগে গ্রামীণ নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই জাতীয় নীতি প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জলবায়ু পরিকল্পনায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থার প্রতিনিধি, গবেষক, এনজিও প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলার শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। আলোচনায় প্রকল্পের সফল মডেলগুলো দেশব্যাপী সম্প্রসারণের সুপারিশ করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত