দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এসব গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কেউ কেউ পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এ কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। তাই যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
তিনি বলেন, এ দেশের কোনো নাগরিকই সংখ্যালঘু নয়। সবাই বাংলাদেশের নাগরিক এবং সবাইকে সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশ অটুট রাখতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।