এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পর মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়।
পুনর্মূল্যায়নের পর ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বরের পরিবর্তন পাওয়া যায়। এসব পরিবর্তনের ভিত্তিতে চূড়ান্তভাবে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে ২৫ হাজার ৬২০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৬৬৬ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৪০ জন।
একক বোর্ড হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।
অন্যদিকে, ফেল থেকে পাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে। একই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে।