আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রথযাত্রা, কবে থেকে উল্টো রথযাত্রা?

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: AnandaBazar
ছবি: AnandaBazar

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, শোভাযাত্রা ও প্রার্থনার মধ্য দিয়ে দেশজুড়ে আনন্দঘন পরিবেশে উৎসবটি উদযাপিত হবে। নয় দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

প্রতি বছর চান্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের অধীশ্বর। তাঁর আশীর্বাদ লাভ করলে মানুষের মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব। এই বিশ্বাস থেকেই জগন্নাথ দেবের পাশাপাশি বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রা বের করা হয় এবং ভক্তরা রথ টেনে এক মন্দির থেকে অন্য মন্দিরে নিয়ে যান।

রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ রাজধানীতে নয় দিনব্যাপী বর্ণাঢ্য মহোৎসবের আয়োজন করেছে।

আজ সকাল ৮টায় ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ১০৮টি অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে।

বিকেল ৩টায় স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররমের উত্তর পাশ, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই এ বছরের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত